জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি দিন দিন যেন আরও জমে উঠছে। রোহিত-ফুলকির রসায়ন, রুদ্ধশ্বাস প্লট, আর প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় চমক—এই সব মিলিয়ে ধারাবাহিকটি এখন দর্শকদের হৃদয়ের খুব কাছাকাছি। আর এখন তো সিরিয়ালের মোড় এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে একদিকে ফুলকি-মুহূর্তে মাতৃত্বের খবরে ভাসছে, অন্যদিকে তার অনাগত সন্তানের জীবন পড়েছে গভীর বিপদের মুখে!
শেষ কয়েকটি পর্বে দেখা গেল ফুলকির সন্দেহ একেবারে মিথ্যে ছিল না। আদিত্যর সঙ্গে ছোট রাজার ডিএনএ মিলছে না—এই তথ্য সামনে আসতেই ফুলকি-রোহিত শুরু করে গুপ্ত তদন্ত। ধানুর সাহায্যে রাজমহলের গুপ্ত সুরঙ্গে গিয়ে তারা আবিষ্কার করে ছোট রাজাকে আসলে বন্দি করে রাখা হয়েছে! খাবার পৌঁছে দেওয়ার ছলেই তারা বেয়ারা সেজে ঢুকে পড়ে সেই গোপন ঘরে, যেখানে বন্দি ছোট রাজা। ধীরে ধীরে উঠে আসে আসল সত্যি—ছোট রানীর আসল মুখোশ খুলে যায় ফুলকির সামনে।
এরপর যা ঘটল, তা একেবারে সিনেমার চেয়ে কম নয়! রাজমহলের দরবারে ফুলকি হাজির করে আসল ছোট রাজাকে, আর দাবি তোলে—নৃসিংহ দেবের পুজোতে যিনি বসেছেন, তিনি ভুয়ো! ছোট রানী প্রথমে কিছুই বুঝতে পারেন না, চমকে ওঠেন। বড় রানীও সন্দেহে থাকেন। কিন্তু এরপর ফুলকি ওই নকল ছোট রাজার মুখোশ খুলে ফেলে সবার সামনে—আর মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে রুদ্র! কেউই ভাবতে পারেনি, এতবড় ছক কষেছে সে!
রুদ্র ধরা পড়তেই মেজাজ হারিয়ে ছুরি নিয়ে ফুলকির দিকে তেড়ে আসে। ফুলকি আত্মরক্ষার জন্য গুলি চালায়, রুদ্র পড়ে যায় মাটিতে। ঠিক এই উত্তেজনার মধ্যেই সিরিয়ালের সবচেয়ে বড় চমক—ফুলকির গর্ভে এসেছে নতুন প্রাণ! রোহিত-ফুলকির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
কিন্তু, আনন্দ যেন বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ এখনই ইঙ্গিত মিলেছে, সেই অনাগত সন্তানের উপরেই আসছে নতুন ঝড়! দর্শকরা অনুমান করছেন, শত্রুপক্ষ এবার ফুলকির অনাগত শিশুকেই টার্গেট করবে। জন্মের আগেই কি তবে থেমে যাবে সেই ছোট্ট প্রাণের নিঃশ্বাস?
আরও পড়ুনঃ TRP তালিকায় পরশুরামের দাপট! ফুলকি-জগদ্ধাত্রীকে পেছনে ফেলে শীর্ষে জনপ্রিয় নায়ক! চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা
সব কিছু এখন অপেক্ষার খেলা। আগামীর পর্বেই মিলবে সেই উত্তরের ইঙ্গিত। এখন শুধু প্রশ্ন—ফুলকি কি পারবে নিজের সন্তানকে রক্ষা করতে? আর দর্শকদের আবেগ ধরে রাখতে পারবে তো এই চমক? অপেক্ষা থাকল আগামী পর্বের জন্য।
