টেলিভিশনের দুনিয়া থেকে সরাসরি সোজা সিনেমার আলোয়। ধারাবাহিকের পরিচিত মুখ দিব্যাণী মণ্ডল এখন টলিপাড়ার সবচেয়ে আলোচিত নাম। ‘ফুলকি’ চরিত্র দিয়ে যে জনপ্রিয়তা পেয়েছিলেন, এবার সেই ইমেজ নিয়েই তিনি পা রাখছেন বড়পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি এম্পারর ভার্সেস শরৎচন্দ্র-তে থাকছেন দিব্যাণী। ফলে প্রশ্ন উঠছে—টেলিভিশনের ঘরোয়া নায়িকা এবার কি সিনেমার নায়িকাদের ঘুম কাড়বেন?
দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, ছোটপর্দার এই জনপ্রিয় মুখকে সৃজিতের ছবিতে দেখা যাবে। অনেকেই বিশ্বাস করতে চাননি। কেউ কেউ ভেবেছিলেন, এ সব নিছক প্রচার কৌশল। কিন্তু এবার আর গুঞ্জন নয়, খবর সত্যি। আনুষ্ঠানিকভাবে ঘোষণাও হয়ে গেল। টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকারের মতো তারকাদের পাশে দিব্যাণীর নাম উঠে আসায় অনেকেই চোখ কপালে তুলেছেন। প্রশ্ন উঠছে, ‘ফুলকি’ কি আদৌ মানাবে সিনেমার পর্দায়? নাকি ধারাবাহিকের খোলস ভেঙে উঠবে একেবারে নতুন দিব্যাণী?
এখানেই বিতর্ক। টলিউডের ভেতরে ভেতরে একটা চাপা অসন্তোষ শোনা যাচ্ছে। ছোটপর্দার অভিনেত্রীদের অনেক সময় ‘সিরিয়াল স্টার’ বলে হেয় করা হয়। বড়পর্দায় টিকে থাকার লড়াই যে কঠিন, সেটা আগেই প্রমাণিত। দিব্যাণী কি পারবেন সেই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে? সমালোচকদের একাংশ মনে করছেন, জনপ্রিয়তা থাকলেও সিনেমার পর্দায় অভিনয়ের ভার সামলানো সহজ নয়। আবার ভক্তদের একাংশ বলছেন, টেলিভিশনে যে আত্মবিশ্বাসী অভিনয় তিনি দেখিয়েছেন, তা দিয়েই দিব্যাণী নতুন জায়গা করে নেবেন।
এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ভক্তরা উচ্ছ্বসিত। তাঁরা বলছেন, “আমাদের ফুলকি এবার নায়িকা!” অন্যদিকে কিছু টলিউড অনুরাগী খোঁচা মারছেন, “এতদিন যাঁরা বড়পর্দায় সুযোগের অপেক্ষায়, তাঁদের বাদ দিয়ে কেন হঠাৎ একজন সিরিয়াল স্টারকে নেওয়া হল?” বিতর্ক কিন্তু এখানেই। সৃজিত মুখোপাধ্যায় বরাবরই সাহসী সিদ্ধান্ত নিতে ভালবাসেন। এবারও কি তিনি বাজি ধরলেন দিব্যাণীর ওপর?
আরও পড়ুনঃ জি জলসার লড়াইয়ে এগিয়ে রইল কে? প্রথম স্থান দখল করল ফুলকি না পরশুরাম? এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
নভেম্বর থেকে শুরু হচ্ছে শুটিং। চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। তবে এটুকু স্পষ্ট, দিব্যাণীর জন্য এই ছবি হতে পারে কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ছোটপর্দার জনপ্রিয়তা এবার কি রূপ নেবে বড়পর্দার সাফল্যে? না কি ‘ফুলকি’র নামেই আটকে যাবেন দিব্যাণী? এই উত্তর দেবে সময়। তবে একটা জিনিস নিশ্চিত—টলিউডে এখন সবচেয়ে বড় চর্চার নাম দিব্যাণী মণ্ডল।
