Bangla Serial

সুখবর মেঘ ভক্তদের জন্য, জি বাংলা ছেড়ে জলসায় ফিরছেন তিতিক্ষা, আসছে নয়া ধারাবাহিক!

জি বাংলায় (Zee Bangla) সদ্য শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের প্রধান নায়িকা মেঘ (Megh)। শান্ত মিষ্টি স্বভাবের মেয়েটি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিল অল্পদিনেই। মেঘের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। টিআরপিতে নিজের কামাল দেখাতে না পারলেও, ধারাবাহিকপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল মেঘ-নীল ও ময়ূরীর প্রেমের গল্প।

ছোটপর্দার ত্রিকোণ প্রেমের গল্প সাড়া জাগিয়েছিল নেটমাধ্যমেও। দিদি ময়ূরী যেভাবে বোনের ঘর ভাঙতে উঠে পড়ে লেগেছিল তা নিয়ে হয়েছে বিস্তর চর্চা। ময়ূরীর কুটনিগিরি দেখে রীতিমতো গায়ে জ্বালা ধরে গিয়েছিল দর্শকদের। ধারাবাহিকের শেষটি ছিল একেবারে অন্যরকম।। মেঘ-নীলের মিলের সঙ্গে সঙ্গে তাদের সন্তান হয়ে ওঠে মাসিমণির প্রাণপাখি।

শেষপর্বে, দেখা যায় নিজের ভুল শুধরে নিয়েছে ময়ূরী। তবে এবার খবর ইচ্ছে পুতুলের নায়িকাকে দেখা যাবে নয়া ধারাবাহিকে। খুব শীঘ্রই আসছে তিতিক্ষার নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে, জি বাংলা ছেড়ে এবার তিতিক্ষা অভিনয় করতে চলেছেন স্টার জলসার কোন এক নতুন ধারাবাহিকে।

শোনা গিয়েছিল, তিতিক্ষার নয়া ধারাবাহিকের নাম পদ্মজল। প্রকাশ্যে এসেছিল ধারাবাহিকের পোস্টারও। যদিও পোস্টারটি অভিনেত্রীর ফ্যানদের তৈরি করা একটি পোস্টার। অভিনেত্রীর অনুরাগীরা ভালোবেসেই তাঁর জন্য এই পোস্ট বানিয়েছেন। যার কোন সত্যতা নেই।

আরও পড়ুন: ‘অমানুষরা আমার থেকে সাবধান…!’, হুঁশিয়ারি শ্রীলেখার, হঠাৎ কেন এমন বিস্ফোরক কথা বললেন অভিনেত্রী?

স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, অভিনেত্রী তিতিক্ষা এখন স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ। তাই স্টার জলসার আসন্ন ধারাবাহিকগুলির মধ্যে কোনও একটির প্রধান মুখ হতে পারেন তিনি। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকের চ্যানেল থেকে অফার এসেছে তিতিক্ষার কাছে। তবে জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার দরুন এই মুহূর্তে অন্য চ্যানেলে দেখা যাবে না তিতিক্ষাকে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই তাঁকে নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন