জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকের প্রধান চরিত্র মেঘ ও নীল বহুদিন একে অপরের থেকে দূরে। সুখী জুটি মেঘনীলের বিচ্ছেদ নিয়েও ঘনায় আশঙ্কার মেঘ। এক হবে তাঁরা? নাকি আরও দূরে যাবে মেঘনীল? জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছে একসঙ্গে। তবু এক নিমেষের অবিশ্বাস ভেঙে দিয়েছে মেঘনীলের অটুট ভালোবাসার সম্পর্ক।
মেঘনীলের ডিভোর্স নিয়ে অনেকগুলি এপিসোড অতিবাহিত করেছে ‘ইচ্ছে পুতুল’। আদালত থেকে মেঘ ও নীল একসঙ্গে থাকার নির্দেশ পেয়েও থাকে নি। কারণ নীল জানতো মেঘ তাঁর সঙ্গে এক ছাদের
তলায় থাকতে অস্বস্তি বোধ করতে পারে। মেঘকে শহরে রেখে বেশ কিছুদিনের জন্য দিল্লিতে থেকে নীল। যদিও সেখানে গিয়ে মেঘের স্মৃতি সর্বক্ষণ তাঁকে আচ্ছন্ন করে রাখে।
এদিকে, মেঘ ও নীলের বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। মেঘের বাবা তাঁর মেয়ের জন্য পাত্র দেখছেন। অন্যদিকে, নীলের ঠাম্মির প্ল্যান করেছেন কিভাবে মেঘনীলকে এক করা যায়। যদিও মেঘ ও নীল দুজনেই এই প্ল্যানের ব্যাপারে ঘুনাক্ষরেও জানে না। ঠাম্মি তাঁর প্ল্যানের ব্যাপারে সবার সঙ্গে কথা বলেছেন। নীলের সঙ্গে মেঘকে ছাদনাতলায় এক করতে কোমর বেঁধে নেমেছে দুই বাড়ি।
এদিকে গোটা বিয়ের বিষয়টি নিয়েই বেশ সন্দিহান ময়ূরী। মেঘ কেন বিয়েতে হ্যাঁ করছে না, তাঁর আদৌ
নীলের সঙ্গে সম্পর্ক আছে নাকি, সেসব নিয়ে খুব চিন্তিত সে। নীলকে বরাবরই চোখে হারায় ময়ূরী। তাই মেঘ যাতে আর নীলের সঙ্গে সম্পর্ক না রাখে তার জন্য বারবার নানান চক্রান্ত করেছে সে। এর মধ্যে মেঘনীলের একে অপরের সঙ্গে দেখা হল। আর তাতেই অভিমানের বরফ গললো বলেই মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছে, ধারাবাহিকের পর্বে দেখা যাবে যে মেঘের সঙ্গে দেখা করতে আসে নীল। আর দেখা হতেই সে মেঘকে বিয়ের ব্যাপারে বলে। কেন মেঘ পাত্রকে না দেখেই বিয়ে করছে তা নিয়ে প্রশ্ন করে সে। মেঘ বলে সে আগেও তাই করেছে এবারেও তাই করবে। কিন্তু নীল মেঘের হাত ধরে বিরহের কবিতা শোনায়। আর এরপরেই গলে যায় মেঘ। সে নীলকে জড়িয়ে ধরে তাঁর প্রতি নিজের ভালোবাসার কথা জানায়।
