Bangla Serial

ফুলকি ধারাবাহিকে নতুন টুইস্ট! ডিএনএ রিপোর্টে কারচুপি, চুপিচুপি আদিত্যর সঙ্গে র’ক্ত মেলানোর ছক ফুলকির

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি একের পর এক নাটকীয় মোড়ে দর্শকদের মন জয় করে চলেছে। রোহিত-ফুলকির জুটি যেমন দর্শকপ্রিয়, তেমনই ধারাবাহিকের প্রতিটি নতুন পর্বে উত্তেজনার পারদ চড়ছে আরও বেশি। ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে দেখা গেল চমকপ্রদ এক ঘটনা, যেখানে ডিএনএ টেস্টকে কেন্দ্র করে ফেঁসে যাচ্ছে একের পর এক চরিত্র।

সম্প্রতি ধারাবাহিকে উঠে এসেছে যে, ছোট রানী একদা এক ব্যক্তিকে ভাড়া করে ছোট রাজাকে ফাঁসানোর ষড়যন্ত্র করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সাজানো হয় একটি নাটক, যাতে দেখানো হয় সেই লোকটি মারা গিয়েছে। কিন্তু বাস্তবে সে মারা যায়নি। ফুলকি এবং পুলিশ সেই সত্যি সামনে আনতেই মিহির মুখ খুলে সব স্বীকার করে নেয়। জানা যায়, ছোট রানী-ই তাকে ভাড়া করেছিল এবং ওই রাঁধুনিকে ব্যবহার করে একটা ‘ভেলকি’ দেখানোর ছক কষেছিল।

যদিও ছোট রাজা শেষমেশ ছোট রানীর বিরুদ্ধে অভিযোগ না এনে তাকে ক্ষমা করে দেন। তবে গল্প এখানেই থেমে যায় না। আদিত্য মাকে এখনো দোষ দিতে নারাজ, সে বিশ্বাস করে নিশ্চয়ই কোনও বড় কারণ রয়েছে মায়ের এমন কাজের পেছনে। এদিকে ফুলকি প্রশ্ন তোলে ধানুর রাজমহলে থাকার অধিকার নিয়ে। সে বলে, ধানু আদিত্যর স্ত্রী ও রাজপরিবারের সদস্য হিসেবে সেখানেই থাকার যোগ্য। ছোট রাজাও সম্মতি দেয়, এবং বলে ধানু সসম্মানে ওই বাড়িতেই থাকবে।

এরপরেই ফুলকি বাড়িতে ডাক্তার ও পুলিশের উপস্থিতিতে ডিএনএ টেস্টের আয়োজন করে। তবে ছোট রাজার আচরণে ফুলকির সন্দেহ বেড়ে যায়। ধানু জানায়, ছোট রাজা নাকি মৌনব্রত রেখেছে, যা শুনে ফুলকির মনে আরো সন্দেহ দানা বাঁধে। টেস্টের সময় হঠাৎই সেখানে উপস্থিত হয় ছোট রানী, কিন্তু ফুলকি জানিয়ে দেয়, সে কোনওভাবেই ডিএনএ টেস্ট বন্ধ করতে দেবে না।

পরবর্তীতে দেখা যায়, টেস্টের সময় ছোট রাজার জায়গায় মুখোশ পরে বসেছিল রুদ্র! ছোট রানী রুদ্রকে দেখে অবাক হলেও, তার এই ‘চাল’ দেখে খুশি হয়ে যায়। ভাবে এবার সত্যি আর সামনে আসবে না।

আরও পড়ুনঃ ফুলকি খুঁজে পেল নতুন সূত্র! ছোট রাজার নিখোঁজের রহস্য ফাঁসের পথে, ছোট রানীর ছলনা কি এবার প্রকাশ্যে আসবে?

কিন্তু ডিএনএ রিপোর্ট হাতে পেয়েই ফুলকি বুঝে যায় রিপোর্টে কারচুপি হয়েছে। তখনই সে ধানুকে অনুরোধ করে আদিত্যর ব্লাড স্যাম্পল জোগাড় করতে। ফুলকি এবার আসল সত্যি জানার জন্য আদিত্যর সঙ্গে ছোট রাজার ডিএনএ মেলানোর পরিকল্পনা করে। এখন দেখার, ফুলকির এই চাল পাল্টে দেয় কিনা গোটা পরিস্থিতি!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন