টলিপাড়ার (Tollywood) ‘মন্টু পাইলট’ (Mantu Pilot) তিনি। জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তাঁর অভিনয় কেরিয়ারের শুরুটা হয়েছিল বড়পর্দা থেকে। পরিচিতি বাড়ে টেলিভিশনের পর্দায় কাজ করে। বর্তমানে জোর কদমে কাজ করছেন সিনেমা ও ওয়েব সিরিজেও। সদ্য বিবাহিত অভিনেতার হাতে অফুরন্ত কাজ। নিশ্বাস ফেলার সময় নেই। ছবি, সিরিজের প্রমোশনে ব্যস্ত থাকেন অভিনেতা।
আসছে সৌরভ দাসের আসন্ন ছবি ১০ই জুন
শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৌরভের নতুন ছবি ‘১০ই জুন’ (Doshoi June)। এই প্রথম সৌরভ জুটি বাঁধছেন ছোটপর্দার মিঠাইরানী ওরফে সৌমীতৃষা কুন্ডুর (Soumitrisha Kundoo) সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পয়লা ঝলক। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই উৎসাহের অন্ত নেই। আসন্ন ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের মুখোমুখি অভিনেতা। কী বললেন তিনি?
‘অদম্য ইচ্ছাশক্তি আমাকে এই জায়গায় এনেছে…’ অকপট সৌরভ। কাদের উদ্দেশ্যে ‘বুমেরাং’ ছুঁড়লেন টলি অভিনেতা?
সম্প্রতি জিৎ-রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনেতা সৌরভ দাস। এই ছবির মাধ্যমে আরো বেশি আলোচনায় এলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, আজ তিনি নিজে জায়গায় আছেন সেই জায়গায় আসার আগে বহু যুদ্ধ পার করে আসতে হয়েছিল। ছোটবেলায় মাঝেমধ্যেই অভিনয় করে বাড়ির লোকজনদের দেখাতেন সৌরভ। অভিনেতা বললেন, “আমার অভিনয় দেখে মা, বোন সবাই হাসতো।”
শুধুমাত্র তাই নয়, একসময় ফ্লোর থেকে বার করে দেওয়া হয়েছিল সৌরভ দাসকে। সাক্ষাৎকারে তাঁর কথায় ঝরে পড়লো অভিমান। অভিনেতা বললেন, তারপর অনেকগুলো যুদ্ধ পার করতে হয়েছে। মানুষজনকে বোঝাতে হয়েছে তিনি অভিনয় কিছুটা হলেও পারেন। যদিও তাঁর পরিবার থেকে সৌরভের অভিনয় নিয়ে সেরকম ভাবে কিছু বলা হত না। সবসময় দর্শক তাঁকে বুঝিয়েছেন তিনি কি পারেন আর কি পারেন না। অভিনেতার স্পষ্ট কথা, অদম্য ইচ্ছা শক্তি আজ তাঁকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
সৌরভ বললেন, আজও মা, বাবা তাঁর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হল কাজ। তিনি বললেন, প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টায় থাকেন। আমাদের শিখতে হবে রোজ। নিজের ভালো শুনতে সবার ভালো লাগে। কিন্তু একজন মানুষ যখন মনে করতে থাকেন তিনি ব্রিলিয়ান্ট, তখনই তিনি থেমে যাবেন। তাই নিজের শেষ দম পর্যন্ত লড়ে যান সৌরভ দাস। তাঁর কথায়, এভাবে লড়তে লড়তেই আজ মানুষ তাঁকে চিনে নিয়েছে।
