বাংলার বিনোদন (Bengali Entertainment) জগতের একজন অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন অনুমিতা দত্ত (Anumita Dutta)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখেছেন দর্শক মহল। অভিনয় জগতে আসার পর থেকেই দর্শকদের মনে বেশ ভালো একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন তিনি। তার অভিনয় দেখতে বেশ পছন্দ করেন অনুমিতার অনুরাগীরা। এই দিন এক বড় বিপত্তির শিকার হলেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই তার সাথে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কখনো এমন কিছু সম্মুখীন হতে হবে অভিনেত্রীকে, সেটা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনাটা এতটাই তীব্র প্রভাব ফেলেছে অভিনেত্রী অনুমিতা দত্ত এবং তার পরিবারের সদস্যদের মধ্যে, যার দরুন তিনি হাইকোর্টের দ্বারস্থ অবধি হয়েছেন। ঠিক কি হয়েছিল তার সঙ্গে? এত বড় পদক্ষেপ নেওয়ার কথা কেন ভাবলেন অভিনেত্রী?
হেনস্তা শিকার হন অনুমিতা
অভিনেত্রী তার মা-বাবাকে নিয়ে গাড়িতে করে হাওড়ার ডোমজুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন আর ঠিক এমন সময়েই সেই চরম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। নিজেই সংবাদমাধ্যমের কাছে সবটা খুলে বলেন অভিনেত্রী অনুমিতা। তিনি জানান, বোনের বাড়িতে যাওয়ার সময় একটি খাবারের দোকানের সামনে তার গাড়ি চালক গাড়ি পার্কিং করে আর সেখান থেকেই প্রধান সমস্যার উৎপত্তি হয়।
দোকানের সামনে থেকে খুব অশ্লীল ভাষায় তাদেরকে গাড়ি সরাতে বলা হয়। এই অভিনেত্রী দোকানদারকে জানান, এটা নো-পার্কিং এলাকা নয়। তিনি গাড়ি সরাবেন না। আর খাবারটা কিনে ৫ মিনিটের মধ্যেই তারা বেরিয়ে যাবেন। তাই গাড়ি সরানোর প্রশ্ন ওঠেনা। এটা কিছুতেই মেনে নিতে পারেনি ওখানকার দোকানদাররা। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে অভিনেত্রী এবং তার পরিবারকে।
হাইকোর্টে গেলেন অভিনেত্রী
পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, কয়েকজন এসে তাদের মারধর করতে থাকেন। অনুমিতার অভিযোগ, “আমাকে মারধর করা হয়েছে। এমনকি চুলের মুঠি ধরে মাকেও মেরেছেন তারা। আমি তাদের বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে চলে যাব। তারা আমার কোনো কথাই শোনেনি। ড্রাইভার গাড়ি সরিয়ে নিলেও তাতে লাভ হয়নি। তারা আরও বেশি আক্রমণ করতে থাকে।” এরপর থানায় গেলেও তারা অভিযোগ নিতে চায়না। ফলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
