কিছু কিছু ধারাবাহিক এক একটা সময় বাংলা টেলিভিশনের পর্দায় দাপিয়ে রাজত্ব করে। আসলে সেই ধারাবাহিকের গল্প, চরিত্র সবকিছুই দর্শকদের মনে ধরে যায় আর যে কারণে এই দারুণ সাফল্য হস্তগত হয়। বহু ধারাবাহিকই এহেন সাফল্যের মুখ দেখেছে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে আরও একটি ধারাবাহিক এই সাফল্য দেখছে। আর সেই ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) ।
খুবই স্পর্শকাতর বিষয়কে নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শক মনে ভালো রকমের দাগ কাটতে সক্ষম হয়েছে। আর সেই কারণেই জনপ্রিয়তাও পেয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধারাবাহিকটি দর্শক মনে এতটাই প্রভাব বিস্তার করেছে যে এই মুহূর্তে বেঙ্গল টপার এই ধারাবাহিকটি। টানা দুই সপ্তাহ ধরে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি বিষ দেওয়ার কথা পুলিশকে জানিয়ে দেবে বলে পরাগকে পুলিশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে শিমুল। সে পরাগের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। সেইসঙ্গে পরাগের মাইনের অর্ধেকটা তার হাতে তুলে দিতেও বলেছে। না হলে সে পুরনো কেসটাকে খুঁচিয়ে ঘা করবে বলে জানায়। কিন্তু নিজের পেটের ছেলেদের স্বার্থে আঘাত লাগতেই একেবারে পাল্টি খেয়ে যান শিমুলের শাশুড়ি । একেবারে সেই আগের ফর্মে।
মাঝে হঠাৎ ভালো হয়ে গিয়ে আবার খারাপ হয়ে যাওয়াটা এত দ্রুত যে তা হজম করতেও সময় লাগে দর্শকদের।এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, প্রতিবন্ধী ননদ পুতুলকে সঙ্গে করে নিয়ে শিমুল ব্যাঙ্কে গেছে। কারণ পরাগের থেকে প্রাপ্ত সমস্ত টাকা সে তার প্রতিবন্ধী ননদ পুতুলের নামে লিখে দেবে। কারণ শিমুল জানে, পরাগকে ডিভোর্স দিয়ে সে এই বাড়ি ছেড়ে চলে গেলে পুতুলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাকে কেউ দেখবে না। পলাশের বিয়ে হয়ে প্রতীক্ষা এই বাড়িতে এলে আরও অবহেলিত হবে পুতুল। আর তাই সমস্ত টাকা, সে ব্যাঙ্কে গিয়ে পুতুলের নামে লিখে দেয়।
অন্যদিকে শিমুল শাশুড়িকে কিছু না জানিয়ে বেরিয়ে যাওয়ায় মহা দুশ্চিন্তায় পড়েছে মধুবালা। তিনি ডেকে পাঠিয়েছেন বিপাশা সুচরিতাদের। তার আশঙ্কা শিমুল পুতুলকে নিয়ে গিয়ে বেচে দিতে পারে। তবে এর পর পরই সশরীরে পুতুলকে নিয়ে ফিরে আসে শিমুল। সুচরিতা, বিপাশাদের সেখানে দেখে তাদেরকে পাড়ার মাতব্বর বলে অপমান করে শিমুল। এরপর সবাই শিমুলকে বিভিন্ন প্রশ্নে জেরবার করলে শিমুলের বারণ সত্ত্বেও পুতুল বলে দেয় শিমুল সমস্ত টাকা তার নামে লিখে দিয়েছে। পুতুলের মুখে এই কথা শুনে তাজ্জব হয়ে যায় সবাই। এই কথা জানতে পেরে মধুবালা দেবী আবার কখন পাল্টি খান সেটাই দেখতে চান দর্শকরা।
