অভিনয় জগৎ থেকে রাজনীতিতে নাম লেখানো অহরহ দেখা যাচ্ছে। বহু পরিচিত মুখ নামছেন রাজনীতির ময়দানে। চলতি লোকসভা নির্বাচনে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন দিদি নাম্বার ওয়ান বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। পরের ভোটে রাজনীতিতে নামবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)? সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। একাধিক সিনেমা এবং ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শক প্রিয় হয়ে উঠেছেন। সকলে একডাকে তাঁকে চেনেন অপাদি নামে। প্রিয় অভিনেত্রী অপরাজিতা বর্তমানে স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকের কোজাগরী। জমিয়ে কাজ করছেন, ব্যক্তিগত জীবন তো কর্ম জীবনের মধ্যে ব্যালেন্স করে চলছেন।
টলিপাড়া থেকে রাজনীতিতে নাম লেখানো অভিনেতা-অভিনেত্রীদের তালিকা বেশ লম্বা। দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, জুন মালিয়া, এবং সাম্প্রতিকভাবে রচনা ব্যানার্জি সহ অনেকেই ‘ঘাসফুলে’ নাম লিখিয়েছেন। পাশাপাশি পদ্ম শিবিরে নাম লেখানো হিরণ, লকেট চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, এনারাও রয়েছেন। অভিনয় এবং রাজনীতি দুই মঞ্চের সক্রিয় অংশগ্রহণ রয়েছে তাঁদের আগামী দিনে সেই পরিকল্পনা কী রয়েছে অভিনেত্রী অপরাজিতারও?
“সব জায়গায় পলিটিক্স”- অপরাজিতা আঢ্য
সাম্প্রতিক সাক্ষাৎকারে অপরাজিতা বললেন, তাঁর মুখ্যমন্ত্রীর প্রতি আবেগের কথা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ভালোবাসেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ অপা দি। প্রশংসা করলেন সায়নী ঘোষেরও। লোকসভা ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই ভোটের মাঝেই নিজের মনের কথা তুলে ধরলেন অপরাজিতা আঢ্য। পরেরবার ভোটে কার হয়ে দেখা যাবে তাঁকে?
সাক্ষাৎকারে অভিনেত্রীর স্পষ্ট জবাব, পলিটিক্স রয়েছে সব জায়গায় তবে, একটা মানুষ দুটো পেশা একসঙ্গে সততা বজায় রেখে চালিয়ে যেতে পারেন কিনা তা তিনি জানেন না। কথায় কথায় উঠে আসে দেব, হিরণ, লাভলী মৈত্রের নাম। তখন অপরাজিতা বলেন, ওরা অনেক বেশি ট্যালেন্টেড আমি নই। আমি খুব ক্ষুদ্র মানুষ। তাছাড়া আমি রাজনীতি কোনোদিনই ভালো ভাবে বুঝিনা। তাই আমি রাজনীতি যোগদান না করেই মানুষের জন্য যা করার করব। অর্থাৎ অভিনেত্রীর কথা থেকে স্পষ্ট, আপাতত রাজনীতিতে নামের পরিকল্পনা নেই তাঁর।
