প্রত্যেকের জীবনের বিশেষদিন জন্মদিন। আবেগের দিন, ভাল লাগার দিন। বুধবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee) জন্মদিন। কাকতালীয়ভাবে এবছর একই দিনে জামাইষষ্ঠী (Jamai Shosti 2024)। কোন উদযাপনে মাতবেন অভিনেতা? জন্মদিন না জামাইষষ্ঠী? গোটা দিনের পরিকল্পনাই বা কী? সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অকপট জানালেন অভিনেতা।
এদিন সকাল থেকেই বাড়িতে জয়জিৎ। পরিচিতদের শুভেচ্ছাবার্তার উত্তর দিতে ব্যস্ত অভিনেতা। দিনটি অন্যরকম মাহাত্ম্য রয়েছে জয়জিতের কাছে। জানালেন,”জন্মদিন মানে প্রত্যেক বছর মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। ৪৭ বছর বয়স হল আমার। অভিজ্ঞতা অনেক। তবে আমি এখনও বিশ্বাস করি, আমার বয়স ১৮ বছর।”
তবে জন্মদিন ফিকে হলেও, জামাইষষ্ঠী কেমন কাটাচ্ছেন অভিনেতা? অভিনেতার গলায় কষ্টের সুর। জানালেন, তিনি শ্বশুরবাড়ির অবাঞ্ছিত জামাই। বিয়েতে মেয়ের বাড়ির থেকে খুব একটা মত ছিল না। অভিনেতার কথায়,”আমার শ্বশুরমশাই প্রয়াত হয়েছেন। শাশুড়ি আমাকে নিয়ে সন্তুষ্ট কি না, তা-ও জানি না।” অভিনেতার শ্বশুরবাড়ি জলপাইগুড়ি। জয়জিৎ আরও জানান, ”দূরত্বের কারণে কোনও দিনই সেইভাবে জামাইষষ্ঠী পালন করতে যেতে পারিনি। শাশুড়ি কলকাতায় এলে অবশ্য এক-দু’বার খাওয়াদাওয়া হয়েছে।”
জামাইষষ্ঠীতে নেই জয়জিৎ। তবে নিজের বিশেষদিনে পরিবারের সঙ্গে রয়েছে বিশেষ পরিকল্পনা। অভিনেতা জানান, ”ইচ্ছে আছে, রাতে বাড়ির লোকেদের সঙ্গে বাইরে খেতে যাব। এর বেশি কিছু ভাবিনি।” এদিন জীবনের বিশেষ উপলব্ধির কথাও জানিয়েছেন জয়জিৎ।
আরো পড়ুন: প্রমাণ লোপাট করতে চায় রুদ্র! জামালকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে ফেললো সে! ফুলকির কথা শুনে ভয় পেয়ে গেল রোহিত!
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ভাল থাকার চেষ্টায়, প্রতিদিন অনেক মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন। জন্মদিনে এটাই আশা, যেন এই কঠিন সময়েও প্রত্যেকেই যেন ভাল থাকেন। এই মুহূর্তে, কাজ বিয়ে ব্যস্ত অভিনেতা। ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ়। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঢাক পেটাতে নারাজ জয়জিৎ।
