এই মুহূর্তে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul) । বলা যায় জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে এই ধারাবাহিকটি। বাঙালি দর্শকরা এখন মজে রয়েছেন এই ধারাবাহিকে। বাঙালি টেলিভিশন প্রেমীরা এখন এই ধারাবাহিকটি মনোযোগ সহকারে দেখছেন কারণ এতটাই উত্তেজনা রয়েছে এই ধারাবাহিকে।
এই ধারাবাহিকের গল্পের আধার হল তিনজন। মেঘ, ময়ূরী, সৌরনীল। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী ময়ূরীর সঙ্গে প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল কলেজের প্রফেসর সৌরনীলের। আর তাই ময়ূরীকেই বাড়ির বউ হিসেবে চেয়েছিল সৌরনীলের পরিবার। কিন্তু তখন আবার সৌরনীলের মনে চলছে অন্যকিছু। সে ভালোবেসে ফেলেছিল ময়ূরীর বোন মেঘকে।
আর তাই বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতা, তার ঘৃণ্য মানসিকতার কথা বলে তাকে বিয়ে না করে তার বোন মেঘকে বিয়ে করে নেয় সৌরনীল। আর এই অপমান ভুলে যায়নি ময়ূরী। সেও ভালোবাসত সৌরনীলকে। আর তাই এই অপমানের জবাব দিতে মরিয়া ছিল ময়ূরী।
ছোট থেকেই মেঘকে সহ্য করতে পারত না সে। হিংসা করত বোনকে। আর ওই ঘটনার পর থেকেই আরও বেশি করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে ময়ূরী। সে ধ্বংস করে দিতে চায় মেঘের জীবন। অন্যদিকে আবার সৌরনীলের মা ও বোনেরা মেঘকে নিজেদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। আর সেই কারণেই ময়ূরীর বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে তারা মেঘকে ভুল বুঝে।
তবে সেই তালিকায় ছিল মেঘের মেরুদণ্ডহীন স্বামী সৌরনীল পর্যন্ত। সেও ক্রমাগত ময়ূরীর মিথ্যাচারের শিকার হয়। মেঘকে সন্দেহ করা, ভুল বোঝা , সবার সামনে অপমান করা তার ধর্মে পরিণত হয়েছিল। কিন্তু এই অপমান সহ্য করে নীলের বাড়িতে পড়ে থাকেনি মেঘ। আত্মসম্মানে বলীয়ান হয়ে সে বাড়ি ছেড়েছে। নিজের পায়ে দাঁড়িয়েছে।
তবে থামেনি সৌরনীল। মেঘ যেতেই মায়ের কথা শুনে বাধ্য ছেলের মতো সে ময়ূরীকে বিয়ে করতে ছুটেছে। অর্থাৎ দুই বোনের সঙ্গেই সে সমানতালে সম্পর্ক রেখে গেছে। পুরো সেই বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো হয়ে গিয়েছিল বিষয়টা। আবার ময়ূরীর আসল চেহারা সবার সামনে চলে আসতে সে ময়ূরীকে দূরে সরিয়ে মেঘকে কাছে পেতে চাইছে। আর এই ধরণের নোংরা মানসিকতার ছেলেকে ত্যাগ করতেই মেঘকে উপদেশ দিয়ে দর্শকরা বলছেন, ময়ূরীর পাশাপাশি নীলেরও কড়া শাস্তি হোক। তবেই মেয়েদের নিয়ে খেলার ফল ভুগবে সে!
