জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Icche Putul) আসছে নতুন চমক। এর আগে দীর্ঘ সময়ের ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছে মেঘ ও নীলের সম্পর্ক। ময়ূরীর একের পর এক ষড়যন্ত্র, কূটনীতিতে বাঁধা পড়েও আলাদা হয়েছে দুজন। বিয়ে, সুখী দাম্পত্য পেরিয়ে ডিভোর্স হয়েছে মেঘ ও নীলের। পরিস্থিতি-র কারণে মেঘকে ভুলও বুঝেছে নীল। কিন্তু পরে নীল বুঝেছে নিজের ভুল। মেঘ যে সম্পূর্ণ নির্দোষ তা বুঝে একসময় মেঘের কাছে ফিরতেও চেয়েছে নীল।
কিন্তু নীল ফিরতে চাইলেও তাঁকে ফিরিয়ে নেয়নি মেঘ। নিজের জীবনে নিজেকে গুছিয়ে তুলেছে সে। কিন্তু সেখানেও বাধ সেধেছে ময়ূরী। মেঘকে ফের অপদস্থ করতে চেয়েছে সে, চেয়েছে মেঘের গান বন্ধ করতে। কিন্তু বারবারই নিজের চেষ্টায় জিতে গিয়েছে মেঘ। শেষমেশ মোক্ষম চাল চালে ময়ূরী মেঘের গায়ে কলঙ্ক লাগাতে নোংরা ষড়যন্ত্র আঁটে সে।
আরো পড়ুন:বেবোর গানে নাচ পর্দার মেঘের! সুন্দরী তিতিক্ষার নাচ দেখলে চোখ ফেরাতে পারবে না ভক্তরা
এই সমস্ত ঘটনার প্রকোপে যখন ভেঙে পড়ে মেঘ, যন্ত্রণায় কুঁকড়ে যায় সে নীল চেয়েছিল সে সময় মেঘের পাশে থাকতে। কিন্তু মেঘ তাঁকে সে সুযোগ দেয়নি। কিন্তু মনে মনে নীলের জন্য ভালোবাসাও মরে যায়নি মেঘের। তাহলে কি সমস্ত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে ফের মিল হবে মেঘ ও নীলের? নাকি চির কালের মতো আলাদা হয়ে যাবে তাঁরা? জল্পনা ছিল “ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের নতুন প্রোমো।
নতুন এই প্রোমোটিতে দেখা যাচ্ছে ময়ূরী মেঘকে বলছে, “শেষমেশ তবে নীল ছেড়ে দিল তোকে?” মেঘ পাল্টা প্রশ্ন করলে ময়ূরী বলে, নীল স্থায়ীভাবে দিল্লি চলে যাচ্ছে। আজই তাঁর ট্রেন রওনা দেবে।ময়ূরীর কথা শুনে আর স্থির থাকতে পারে না মেঘ।নীলের সঙ্গে দেখা করতে ছুটতে থাকে স্টেশনের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায়, নীল হতাশ ভাবে বলছে, “মেঘ তাহলে তুমি আজও এলে না আমাকে আটকাতে…।”
মেঘ কি পৌঁছাতে পারবে নীলের কাছে? শেষ মুহূর্তে কী মিল হবে তাঁদের? আলোচনা শুরু হয়েছে দর্শক মহলে। অনুরাগীদের মত, ময়ূরী মেঘকে দুঃখ দিতেই নীলের কাছে চলে যাওয়ার কথা বলেছে। আসলে মেঘ আর নীলের মিল হবে ঠিকই। আর দুজনের মিল দেখিয়েই শেষ হবে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি। আপাতত অনুরাগীদের মধ্যে এই নিয়ে জল্পনা চলছে। শেষমেশ কী হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
