Bangla Serial

জ্বরের নাটক করে লাবণ্যকে ফাঁদে ফেলল রুদ্র! অভিরূপের পর্দাফাস করতে নতুন ফন্দি আটক ফুলকি

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে একের পর এক চমক এখন দর্শকদের চোখ আটকে রেখেছে টিভির পর্দায়। টিআরপি তালিকায় নিয়মিত সেরা পাঁচে জায়গা করে নেওয়া এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলো যেন আরও জমে উঠেছে। প্রতি রাতে নতুন মোড়, নতুন চক্রান্ত, আর তারই মাঝে নায়িকা ফুলকির লড়াই—দর্শকরা এখন একটিও এপিসোড মিস করতে চাইছেন না।

সাম্প্রতিক কাহিনিতে দেখা গিয়েছে, ফুলকির বলা কথায় একেবারেই ভরসা করতে পারছে না লাবণ্য। অন্যদিকে, রোহিত ধানুকে বাঁচানোর সময় যে আঘাত পেয়েছিল, সেই একই চিহ্ন অভিরূপের শরীরেও দেখে সবাই সন্দেহের চোখে তাকাচ্ছে তার দিকে। কিন্তু লাবণ্য অভিরূপের বিপক্ষে কিছুতেই মানতে রাজি নয়। আর ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগাতে চাইছে রুদ্র। তার চোখে লাবণ্যকে ফাঁদে ফেলতে পারলেই ফুলকিকে কোণঠাসা করা সহজ হবে।

এর মধ্যেই লাবণ্য অভিমান করে একা একা বসে আছে বাড়িতে। তার মনে হচ্ছে, ভাই, ভাইয়ের বউ—সবাই যেন তাকে দূরে ঠেলে দিচ্ছে। তবে ধীরে ধীরে সে নিজেও অভিরূপের মায়াজালে আটকে যাচ্ছে, যদিও সেটা সে টের পাচ্ছে না। ঠিক তখনই পরিবারের সবাই, এমনকি ফুলকিও, লাবণ্যের মন ভালো করার জন্য খাবার নিয়ে হাজির হয়। হাসি-আড্ডায় জমে ওঠে রাতের খাবারের আসর। কিন্তু লাবণ্যের মনে খচখচ করছে—অভিরূপের জন্য সে কি সত্যিই নিজের আপনজনদের ভুল করছে?

ঠিক সেই সময়ই ফোন আসে অভিরূপের। অসুস্থতার ভান করে সে জানায় তার জ্বর এসেছে। লাবণ্য উদ্বিগ্ন হয়ে পড়ে। সুযোগটা হাতছাড়া না করে অভিরূপ মিথ্যে জ্বরের নাটক সাজিয়ে বিছানায় শুয়ে থাকে। লাবণ্য ছুটে এসে তার সেবা শুরু করে। আর এই দৃশ্যই ফাঁদে ফেলে দেয় তাকে। কয়েকজন প্রতিবেশী চুপিসারে সেই মুহূর্তের ভিডিও তোলে এবং রাজমহলে সবাইকে দেখিয়ে লাবণ্যের নামে মিথ্যে অপবাদ রটাতে শুরু করে। অপমানের ঝড় নামতেই লাবণ্য বোঝানোর চেষ্টা করলেও কেউ তা মানতে চায় না।

আরও পড়ুনঃ রায়ানের মায়ের অত্যাচারে নাজেহাল পারুল, দাদুর জন্য বড় সিদ্ধান্তে নায়িকা!

তখনই সামনে আসে অভিরূপ, যেন একেবারে নায়কের ভঙ্গিতে লাবণ্যকে বাঁচায়। কিন্তু ফুলকি ঠিকই বুঝতে পারে, সবটাই সাজানো নাটক। রুদ্র আর অভিরূপ মিলে যে নতুন চাল ফেলেছে, সেটা লাবণ্যকে ফাঁদে ফেলার জন্যই। আর এবার ফুলকি প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক অভিরূপের আসল মুখ সবাইকে দেখাবে। আগামী পর্বে কী হয়, সেটাই এখন দেখার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন