Bangla Serial

ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে মহাবিবাহ পর্ব! এক হতে চলেছে মেঘনীল, অবশেষে শাস্তি হবে ময়ূরীর!

জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি বর্তমানে জনপ্রিয়তার তালিকায় একেবারে প্রথম দিকে। বিগত কিছু পর্বের পর রীতিমতো জমে উঠেছে ধারাবাহিকটি। এর আগে দেখা যায় ময়ূরীর চক্রান্তে দূরত্ব বেড়েছিল মেঘ ও নীলের দাম্পত্য জীবনে। ক্রমে অশান্তির মেঘ কাটিয়ে ধীরে ধীরে ঠিক হচ্ছে মেঘনীলের সম্পর্ক। যদিও তাঁদের সামনে ঝুলছে বিবাহ বিচ্ছেদের তিক্ত ফরমান।

একসময় নিজের ভুল বুঝতে পেরে প্রিয় মেঘকে ফেরাতে চেয়েছিল নীল। কিন্তু তখন নীলের আর্জি মানতে চায়নি মেঘ। কারণ তখন অপমানের ঘা ভুলতে পারেনি মেঘ। এরপর ক্রমে জিষ্নুর সঙ্গে বন্ধুত্ব হয় মেঘের। শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে থাকে মেঘ। কিন্তু এখানেও মেঘকে শান্তি দেয়না ময়ূরী। মেঘের গায়ে কলঙ্ক দাগাতে নতুন ষড়যন্ত্র করে সে। অপমানে, যন্ত্রণায় নিজেকে শেষ করতে উদ্যত হয় মেঘ।

যদিও প্রাণে বেঁচে যায় মেঘ। মেঘের বিরুদ্ধে চক্রান্ত করায় রূপের ভাগ্যে জোটে হাজতবাস। অথচ ময়ূরীর কোনো শাস্তি হয়নি এখনও। যার কারণে অসন্তুষ্ট ‘ইচ্ছে পুতুল’ দর্শকেরাও। এদিকে বর্তমানে দেখা যাচ্ছে, মেঘ ও নীল উভয়ের বাড়িতেই চলছে বিবাহের প্রস্তুতি। দুই বাড়ির লোক চায় আবার নতুন করে জীবন শুরু করুক মেঘনীল। আর তাই একসঙ্গে এই নিয়ে আলোচনায় বসে দুই পরিবার।

আলোচনা চলাকালীন নীলের ঠাকুমা তাঁর মনের সুপ্ত আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি বলেন, মেঘ দিদিভাই ও নীলের গাঁটছড়া এক হলে তাঁরা আসলেই সুখী হবে। কিন্তু দুজনকে লুকিয়ে এই বিয়ের বন্দোবস্ত করতে হবে। মেঘনীল একে অপরকে ভালোবাসে। তাঁরা বলতে না পারলেও এটাই সত্যি। এই কথা শুনে সম্মতি দেয় গিনিও। তবে নীলের মা বলেন মেঘ ও নীল লুকিয়ে বিয়ের কথা জানতে পারলে অসন্তুষ্ট হবে।

মেঘের বাবা এই কথার প্রতিবাদ করে বলেন যে তিনি তাঁর মেয়ের বিয়ে এহেন হঠকারীতার মধ্যে দেবেন না। তখন ঠাকুমা বলেন, মেঘ নীলের বিয়ে তো হঠকারীতার মধ্যেই হয়েছিল। আর এখনও ওরা একে অপরকে ভালোবাসে। তাই এখন কেন এই বিয়ে হতে পারেনা? এই কথায় সবাই রাজি হয়ে গেলে মেঘনীলের বিয়ের তোড়জোড় শুরু হয়। তাই মনে করা হচ্ছে এবার হয়তো চারহাত এক হবে মেঘনীলের। আর এই বিয়ের পরই নিজের কর্মকান্ডের শাস্তি পাবে ময়ূরী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন