জি বাংলার (Zee Bangla) রেকর্ড ব্রেকিং মেগা মিঠাইয়ের (Mithai) সেটে আলাপ, ধীরে ধীরে প্রেম! কাট টু, চার হাত এক হয়ে গেল জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। এদিন সকাল থেকেই আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা, মেঘ ভেঙে বৃষ্টি। দাবদাহের জ্বালা কাটিয়ে, ওয়েদার একেবারে ঠান্ডা ফুরফুরে। এমন সুন্দর দিনেই, গাঁটছড়া বাঁধলেন ‘মিঠাই’য়ের দিদিয়া এবং উচ্ছেবাবু।
আদৃত-কৌশাম্বীর বিয়ের সাজে ছিল আদ্যপান্ত সাবেকিয়ানার ছোঁয়া
বিয়ের দিন কৌশাম্বী সেজে উঠেছিলেন লাল টুকটুকে বেনারসিতে। ট্রেন্ডি পেস্টেল শেডের লেহেঙ্গাকে বুড়ো আঙুল দেখিয়ে গা ভর্তি সোনার গয়না, মাথায় তরতাজা ফুলের সঙ্গে সাবেকি সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। বিয়েতে উপস্থিত ছিলেন টেলিদুনিয়ার অসংখ্য চেনা মুখ।
ভাইরাল আদৃত-কৌশম্বীর বিয়ের ছবি
বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক প্রকাশ্যে এসেছে যুগলের গায়ে হলুদ, বৃদ্ধি ও নানা বাঙালি রীতির ছবি। দীর্ঘ তিন বছরের সম্পর্ক তাঁদের। প্রেম নিয়ে রাখঢাক ছিল না কোনও কালে। চুপিসারেই ভালোবেসেছেন একে অপরকে। তবে ধুমধাম করে মিস থেকে মিসেস কৌশাম্বী। যুগলের রিসেপশন আগামী ১১ তারিখ।
সমাজমাধ্যমে বরের সঙ্গে ছবি পোস্ট করে কী লিখেছেন কৌশাম্বী?
এদিন রাতেই নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসে। টেলিভিশনের বন্ধুরা নিজেদের সমাজমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেন। তবে এবার বাদ পড়েননি কৌশাম্বীও। নিজের সমাজমাধ্যমে আদৃতের পিসি করেছেন আদুরে ছবি। সিঁথি ভর্তি সিঁদুর দেখে স্পষ্ট বিয়ের পরে ছবিটি তুলেছেন নবদম্পতি। নতুন বরের সঙ্গে ছবি পোস্ট করে কৌশাম্বী লিখেছেন,” এক চিরকালীন সূচনা… “
নেটিজেনরা কী বলছেন?
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকা জুটির অনুরাগীরা। কমেন্ট সেকশন জুড়ে শুভেচ্ছার ঢল। একজন লিখেছেন,’তোমরা খুউউউব ভালো থাকো , কি সুন্দর লাগছে একসাথে তোমাদের। গোপাল সব সময় তোমাদের রক্ষা করুক ভালো রাখুক।’ যদিও অন্য এক নেটিজেনে কটাক্ষ,’সৌমির কাছ থেকে আদৃতকে কেড়ে নিয়ে আপনি কোনোদিন সুখী থাকতে পারবেন না অভিশাপ দিলাম…।’
