Bangla Serial

বড় রাজার হাত ধরে ফুলকির অভিষেক, রাজকুমারীকে স্বাগত জানাতে রাজমহলে ধুমধাম আয়োজন! আজকের পর্বে তুফান ধরা মোড়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি আবারও প্রমাণ করল কেন এত অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে। প্রতিদিনের টানটান উত্তেজনা আর নায়ক-নায়িকার কেমিস্ট্রি যেন এই ধারাবাহিকের প্রাণ! আর আজকের পর্ব যেন ঠিক সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।

অবশেষে ফুলকির লড়াই সফল হয়েছে। অনেক ঝড়ঝাপটার পর সে জানতে পারল নিজের আসল পরিচয়—সে বড় রাজার এবং বড় রাণীর একমাত্র কন্যা, রাজপরিবারের আদরের রাজকুমারী! সেই মুহূর্তে রাজ্যের প্রজারা যেন উল্লাসে ফেটে পড়ে। এতদিন পর বড় রাজাকে ফিরে পেয়ে রাজপ্রাসাদে শুরু হয় জয়ধ্বনি আর উত্‍সবের আমেজ। ছোট রাজা সকলের সামনে ফুলকিকে পরিচয় করিয়ে দেয় রাজকুমারী হিসেবে। সেই দৃশ্য যেন রূপকথার গল্পের মতো!

কিন্তু গল্পে টুইস্ট না থাকলে কি চলে? ছোট রাণী বুঝে যায়—এবার তার খেলা শেষ। ফুলকি গিয়ে তাকে একটু খোঁচা দিয়েও আসে। বড় রাজার সিংহাসন ফিরিয়ে দিল তার নিজের মেয়ে, আর সেই পথ আটকাতে গিয়েও কিছু করতে পারলেন না ছোট রাণী। কিন্তু তিনি কি চুপ করে বসে থাকবেন? তা তো হতেই পারে না! ভবিষ্যতের জন্য তার চাল এখনো বাকি, আর ফুলকিও সেই লড়াইয়ের জন্য প্রস্তুত।

এর মধ্যেই রাজমহলে ফিরে আসে বড় রাজা আর ফুলকি। আনা হয় বড় রাণীকেও। ছোট রাজা জানান—নৃসিংহদেবের কৃপায় বড় রাণী আবার ফিরে পেয়েছেন তার হারিয়ে যাওয়া স্বামী-সন্তানকে। আবেগে ভেসে যান বড় রাণী। বড় রাজার কাছে ক্ষমা চাইতে যান তিনি, কিন্তু রাজা জানান—স্মৃতি ফিরে না এলে দোষ দেওয়া চলে না, বরং তিনিও কৃতজ্ঞ ফুলকির কাছে।

তবে এতকিছুর পরও ফুলকি বড় রাণীর উপর অভিমান ভোলেনি। জানিয়ে দেয়, সে বরং সেই সাধারণ গরিব ঘরের সিলিন্ডার তোলা মেয়েই ভালো ছিল। কিন্তু যখন সত্যিটা বড় রাণীর সামনে পরিষ্কার হয়, তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না—ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরেন ফুলকিকে। সেখানেই গলে যায় ফুলকির অভিমান।

এরপর ছোট রাজা ঘোষণা করে—পরদিন বড় করে হবে বড় রাজার পুনরাভিষেক। পরদিন রাজমহলে ধুমধাম করে হয় পূজা, সাড়ম্বরে ফিরে আসে রাজপ্রথা। সেই মঞ্চেই ফুলকি, তার মা-বাবা, পুরো পরিবারকে নিয়ে হাজির হয়। ঠাকুরমশাই আশীর্বাদ করেন ফুলকিকে, আর ফুলকি মনে মনে ভাবে—এত সুখ কি তার ভাগ্যে ছিল? সত্যিই কি এত আনন্দ তার কপালে লেখা ছিল?

শেষ দৃশ্যে, সাজানো গুছানো ফুলকি যখন রাজকুমারীর মতো রাজসভায় প্রবেশ করে, রোহিত মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। একে একে সব উত্তর যেন মিলে যাচ্ছে। আজকের পর্ব ছিল একেবারে আবেগ আর জয়গাথায় ভরপুর!

আরও পড়ুনঃ বড় রাজার রাজ্যাভিষেকেই নেমে এল বিপদ!নৃসিংহদেবের কোপের মুখে রাজ পরিবার! ফুলকি কি পারবে নৃসিংহের রোষানলের হাত থেকে পরিবারকে বাঁচাতে?

কাল কী হবে ছোট রাণীর পরবর্তী চাল? ফুলকির সামনে আবার কী নতুন চ্যালেঞ্জ? জানার জন্য অপেক্ষা শুধু আগামী পর্বের!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন