জমে গেছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ইচ্ছে পুতুল (Icche Putul) । বাংলা টেলিভিশন প্রেমীরা এখন এই ধারাবাহিকের মোহে আচ্ছন্ন। কোন ধারাবাহিক যে শেষ হয়ে যাওয়ার মুখে পৌঁছে গিয়েও এইভাবে ফিরে আসতে পারে তা ইচ্ছে পুতুল ধারাবাহিকটি না দেখলে বোঝার উপায় নেই।
একটা সময় বলা হয়েছিল এই ধারাবাহিকের গল্প ভীষণ একঘেয়ে। দর্শকরা একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই ধারাবাহিক থেকে। এমনকি এই ধারাবাহিকটি দিয়ে জি বাংলা একটি স্লট নষ্ট করেছে এইরকম অভিযোগও উঠেছিল। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে এখন দুর্নিবার গতিতে ছুটে চলেছে এই ধারাবাহিকটি।
এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প সব থেকে বেশি আকর্ষণীয়। একটা মুহূর্তে কি হয় কি হয় অনুভূতি। দর্শকরা এইরকম জমাটি গল্পই তো দেখতে চান। যেখানে থাকে উত্তেজনা, রোমাঞ্চ। আর সেই সব কিছুই এখন ভরপুর রয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে। মানুষ কতটা স্বার্থকেন্দ্রীক হতে পারে কতটা পরিবর্তনশীল হতে পারে তা দেখিয়ে দিয়েছে এই ধারাবাহিকটি।
সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি নিজের সমস্ত অপমানকে উপেক্ষা করে গিনির পাশে দাঁড়িয়েছে মেঘ। রূপের হাত থেকে নিজের ননদকে রক্ষা করেছে সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। রূপ শাস্তি পেয়েছে। মুক্তি পেয়েছে গিনি। ময়ূরীর নোংরা মুখোশ খুলে গেছে। ময়ূরী যে রূপের সঙ্গে মিলে মেঘকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, তার চরিত্র কলঙ্কিত করেছিল সেই কথা সবাইকে জানিয়ে দিয়েছে গিনি।
আসলে যখন মেঘ বারবার গিনিকে বারণ করেছিল রূপকে বিয়ে না করতে তখন মেঘের কথাতে কর্ণপাত পর্যন্ত করেনি গিনি, মীনাক্ষী, সৌরনীলরা। ময়ূরীর কথাই ছিল তাদের কাছে বেদবাক্য। আর তাই সেই সময় মেঘকে প্রতিটা মুহূর্তে তার অপমান করেছেন, তার গায়ে হাত পর্যন্ত তুলেছেন। শত অপমান মুখ বুজে সহ্য করে আজ সৌরনীলের থেকে অনেকটাই দূরে চলে গেছে মেঘ। কিন্তু নিজের কর্তব্যে খামতি রাখেনি সে। গিনির বিপদ বুঝে ঝাঁপিয়ে পড়েছে সে। আর তাই এখন গাঙ্গুলী বাড়ির সবার চোখের মণি হয়ে উঠেছে মেঘ।
যে গিনি আগে মেঘের জীবনকে বিষিয়ে দেওয়ার জন্য সদা সচেষ্ট ছিল সেই এখন নিজের দাদা-বৌদির মিলন চায়। যে সৌরনীলের মা মেঘকে দুচোখে সহ্য করতে পারতেন না, সবসময় অভিশাপ দিতেন তিনি এখন বরণডালা সাজিয়ে নিজের ছেলের বউ হিসেবে মেঘকে আবারও বরণ করে নিতে চায়। গিনির কথা শুনে গাঙ্গুলী বাড়িতে আসে মেঘ। কিন্তু ফিরিয়ে দেয় নিজের সেই অপমানের জবাব। কিন্তু এই সময় গিনি মেঘকে বলে, তোমাকে আমার একটি কথা রাখতেই হবে। যদি না রাখো তাহলে আমি আবার রূপের কাছে ফিরে যাবো। এরপর সে বলে তোমাকে দাদাভাইয়ের সঙ্গে থাকতে হবে আবারও সংসার করতে হবে। আর গিনির মুখে এই কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যায় মেঘ। বাক্যহারা হয়ে যায় নীলও।
