জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) প্রতিদিনই দর্শকদের চমকে দিচ্ছে নতুন নতুন মোড়ে। একটানা তিন বছর ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হচ্ছে। টিআরপি তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ‘ফুলকি’। ধারাবাহিকের প্রতিটি পর্বে থ্রিল, ষড়যন্ত্র, রহস্য আর আবেগের মিশেলে তৈরি হচ্ছে চমকপ্রদ গল্প। এবার ‘ফুলকি’র সামনে হাজির আরও বড় সংকট!
সম্প্রতি দেখানো হয়েছে, একের পর এক রহস্যময় খুনে কাঁপছে রাজ্য। এক অন্ধকার রাতে উদ্ধার হয় আরও একটি লাশ। পুলিশ ফুলকিকে খবর দেওয়ামাত্র ফুলকি বুঝে যায়— এটা নিছক দুর্ঘটনা নয়, বড় কোনো চক্রান্ত। সন্দেহের তীর ছোট রানীর দিকে। ফুলকি এবং বড় রাজার ভাবমূর্তি নষ্ট করতেই এই নৃশংস খুনের জাল বিছিয়েছে সে।

ছোট রানী নিজের প্রজাদের সামনে নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে মরিয়া। তার দাবি, বড় রাজা ও ফুলকির আগমনের পর থেকেই নৃসিংহ দেব অসন্তুষ্ট— তাই ঘটছে একের পর এক অনিষ্ট। এমনকি, নৃসিংহ দেবের মালা আগুনে জ্বলে যাওয়াও নাকি তার ইশারা! রাজ্যবাসী ক্রমশ ছোট রানীর কথায় প্রভাবিত হয়ে ওঠে। ফুলকির দিকে তেড়ে আসে জনতা। তখনই সাহসের সঙ্গে সামনে দাঁড়ায় রোহিত।
পরে, ফুলকি ও রোহিত যান স্বাগতা ম্যাডামের কাছে। ফরেস্ট ডিপার্টমেন্ট জানায়, এই মৃত্যুগুলি হিংস্র পশুর হামলার মতোই— মানুষের চক্রান্তের প্রমাণ নেই। কিন্তু ফুলকি জানে, এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র। সাধারণ মানুষও আতঙ্কে বড় রাজাকে রাজ্য ছাড়তে বলে। ফুলকি প্রথমে রাজি না হলেও, অবশেষে বড় রাজার সিদ্ধান্তে রাজমহল ছাড়ে। তবে যাওয়ার আগে ছোট রানীকে হুঁশিয়ারি দিয়ে যায়— যদি প্রমাণ পায় যে এই ষড়যন্ত্র তারই, তবে সে ফিরবে হিংস্র জন্তুর মতো হয়ে!
আরও পড়ুনঃ দুর্গাকে সন্দেহ করার ফল হাতে নাতে পেল চন্দ্রনাথ! চাঁদ বদনকে নিজের পরিসীমা বুঝিয়ে দিল দুর্গা!
তবে সব চেয়ে বড় চমক ছিল এপিসোডের শেষে। রাজমহল ছাড়ার রাতে ফুলকি স্বপ্নে দেখল স্বয়ং নৃসিংহ দেবকে! কিন্তু সেই স্বপ্নে ছিল অশুভ ইঙ্গিত। সামনে কি আরও ভয়াবহ সত্য উন্মোচিত হতে চলেছে? ফুলকি কি পারবে ছোট রানীর ষড়যন্ত্র ফাঁস করতে? উত্তর মিলবে আগামী পর্বে। দর্শকদের জন্য অপেক্ষা শুধুই আরও চমক ও টানটান উত্তেজনার!
