সম্প্রতি জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র (Kon Gopone Mon Veseche) গল্পের ট্র্যাক। নায়ক-নায়িকার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন আম বাত হয়ে দাঁড়িয়েছে। টিআরপি টপার অনুরাগের ছোঁয়া, কার কাছে কই মনের কথা, রোশনাই সব জনপ্রিয় ধারাবাহিকে নায়ক-নায়িকার মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি। বর্তমান সময়ে ধারাবাহিকপ্রেমীরা পারিবারিক কোন্দলের থেকে বেশি গল্পে ত্রিকোণ প্রেমের আঙ্গিক দেখতে পছন্দ করে।
‘কোন গোপনে মন ভেসেছে’র ট্র্যাকে নয়া মোড়
সেই ট্রেন্ডের কথা মাথায় রেখে এবং কোন গোপনে নিয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখতে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা। সদ্য মন্দারের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে এনেছে অনিকেত। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমান পর্ব মিটে যাওয়ার আগে ফের কাঁটা হয়ে দাঁড়াল অনিকেতের প্রাক্তন প্রেমিকা।
যদিও অনিকেতের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল অনিকেতের জীবনে শ্যামলী আসার অনেক আগে। আলাদা হয়েছিল দুজনের পথ। মন্দারের ট্র্যাক শেষ হতেই ফের অনিকেত ও শ্যামলীর মাঝে উদিত হয়েছে তৃতীয় ব্যক্তি।
সমস্যায় জর্জরিত অনিকেত ও শ্যামলীর সম্পর্ক
ফের সমস্যায় জর্জরিত অনিকেত ও শ্যামলীর সম্পর্ক। ধারাবাহিকপ্রেমী মহলে তাদের জুটি অত্যন্ত জনপ্রিয়। আরও একবার তাদের মাঝে উঁকি দিচ্ছে অনিকেতের প্রাক্তন। যার জন্য মনের দরজা বন্ধ করে দিয়েছিল সে। প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য।
রোশনীর আগমনের পর কয়েক ঝলক দেখেই বোঝা যাচ্ছে, তাঁর চরিত্র নেতিবাচক। এখন দেখার নতুন চরিত্র শ্যামলী-অনিকেতের মাঝে কতটা মোড় ঘোরানো মুহূর্ত তৈরি করতে পারে। অনিকেত কি ফিরে যাবে তার প্রাক্তনের কাছে? নাকি শ্যামলীর ভালোবাসায় সাড়া দেবে এবার। উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বে।
