জমে উঠেছে টেলি ধারাবাহিক (Tele Serial) ‘কোন গোপনে মন ভেসেছে’র (Kon Gopone Mon Veseche) প্লট। একদিকে, অনিকেত শ্যামলী কাছাকাছি আসছে। অপরদিকে, গ্রেট বেঙ্গলের ব্যবসা হাতাতে অনিকেতকে প্রাণে মা’র’তে সুপারি গুন্ডা লাগিয়েছে অরুণাভ। তবে সে কী পারবে শ্যামলীকে ডিঙিয়ে অনিকেতের ক্ষতি করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বে।
সোমবার ছিল ধারাবাহিকের এই বিশেষ পর্বের শুটিং। শ্যামলী আর অনিকেতের লং ড্রাইভের দৃশ্যের শুট। এই প্রথম দুজনের বৃষ্টিভেজা রোম্যান্স দেখবেন দর্শকরা। যে দৃশ্যের জন্য চাতক নয়নে অপেক্ষা করছিলেন ধারাবাহিকের অনুরাগীরা। এদিন জোর কদমে চলছিল শুটিং। ব্যস্ততার মাঝে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu) ও নায়িকা শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) জানালেন বৃষ্টি হলেই তাঁদের ভাল লাগা, খারাপ লাগার অনুভূতি।
কোন গোপনে মন ভেসেছে-র সেট ছিল বৃষ্টিস্নাত। বৃষ্টি হলে কী করেন রণজয়-শ্বেতা?
বৃষ্টি মানে কী রণজয়ের কাছে? অভিনেতা জানান, “বৃষ্টি মানে আমার কাছে অনাবিল প্রেম। লং ড্রাইভে যাব। মাঝে মাঝে কোথাও রাস্তায় থামব। চা খাব। চুমু খাব। এই তো!” অপরদিকে, শ্বেতা বলেন,”আমার কাছে প্রেম মানে রুবেল। বৃষ্টি হলে স্বাভাবিক ভালোবাসার মানুষের কথাই সবার আগে মনে পড়ে।”
অভিনেত্রী আরও জানান, বৃষ্টিতে ভিজতে তাঁর খুব ভাল লাগে। তবে রুবেলের সঙ্গে ভিজে ওঠা হয়নি। কারণ তাঁদের সম্পর্কের শুরু থেকেই অসুস্থ শ্বেতার মা। তাই ভিজলে চিন্তা হয় জ্বর আসতে পারে বা শ্বেতার কিছু হলে মায়ের কী হবে? তাছাড়া শুটিং শিডিউলে গড়বড় হবে। সব মিলিয়ে বৃষ্টিভেজা প্রেমের সুখ বিয়ের পরের জন্য তুলে রেখেছেন শ্বেতা। অভিনেত্রী বলেন, ‘অনেক কিছুই আমি বিয়ের পরের জন্য বাঁচিয়ে রেখেছি। সেই লিস্টে এইটা অন্যতম।’
আরও পড়ুন: লুকোচুরি খেলা শেষ! রোহিতের সামনেই রুদ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো ফুলকি!
এদিন সেটে বৃষ্টি দেখে রুবেলকে রীতিমতো মিস করছিলেন শ্বেতা। পাশের সেটেই রুবেল তাঁর ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-র শুট করে। কিন্তু এদিন বন্ধ ছিল শুটিং। রুবেলকে মিস করার কথা অকপটে শিকার করেন অভিনেত্রী। জানান, বৃষ্টি দেখলেই প্রেম পায়, আর প্রেম রুবেল ছাড়া আমার কাছে আর কেউ নয়। পাশ থেকে সায় দেন রণজয়। এমন বৃষ্টি দেখলে ভালোবাসার মানুষ ছাড়া আর কারোর কথা ভাবাই যায়না।
