বাংলা চলচ্চিত্র জগতে (Bengali film) সম্প্রতি মুক্তি পেয়েছে একটি বেশ অন্যরকম ছবি যার নাম আলাপ (Alaap)। স্রোত থেকে একেবারে ভিন্ন একটি গল্পের নিদর্শন দিয়েছে এই চলচ্চিত্র। যেখানে দর্শকদের জন্য রয়েছে একটি মিষ্টি প্রেম, বিরহ, দুঃখ এবং চাপা উত্তেজনার মিশ্রণ। ছবিটি প্রকাশ পেতেই বেশ হইচই পড়েছে টলি পাড়ায়।
ছবিটি নিয়ে বেশ আশাবাদী প্রধান অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এখানে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) এবং আরো একটি প্রধান চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত। এই ছবিতে পাবলো যেরকম মানুষ, বাস্তবেও কি আবির সেইভাবেই ভাবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি এবং বাস্তব জীবন সব মিলিয়ে অকপটে অনেক ঘটনাই দর্শকদের সাথে ভাগ করে নিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
তিনি বলেন, এই ছবির পাবলোর সাথে তার কিছু কিছু জায়গায় বেশ মিল রয়েছে। কারণ তিনি এমন একটা জেনারেশন থেকে উঠে এসেছেন যারা ভাড়ি টেলিফোন থেকে ছোট্ট মুঠোফোন এই গোটা যাত্রার সাক্ষী। তবে জীবনের শুরুতে চিঠি লিখে প্রেমও করেছেন তিনি। যদিও তারপর চলে আসে ইমেল আর এখন তো বিভিন্ন সমাজ মাধ্যম যার সাহায্যে নিমিষেই কল ভিডিও কল সবই সম্ভব হচ্ছে।
কাউকে সামনাসামনি না দেখেও কি তার প্রতি কখনো টান অনুভব করেছে অভিনেতা? আবির বলেন, “এই বিষয়টা তো সবসময় আমাদের সাথে হয়েই থাকে। এই যে এত মানুষ আমার কাজ দেখে আমাকে ভালবাসে, তাদের ৯০% মানুষের সাথে আমার কোনদিনও সামনাসামনি দেখাও হবে না আর কথাও হবে না। তাও আমি তাদের জোরেই উপরের দিকে এগিয়ে চলেছি আর তারাও আমাকে ভালোবেসে চলেছে।”
ট্রোলিং নিয়ে কি বললেন আবির?
বর্তমানে কারণে অকারণে তারকারা সমালোচনার মুখে পড়ছেন এবং তাদের নিয়ে মিম বানানো হচ্ছে। এই বিষয়ে অভিনেতা বলেন, “আমি সব সময় চেয়েছি প্রযুক্তিকে ব্যবহার করে নিজের উন্নতি করতে। সব সময় খেয়াল রেখেছি যেন প্রযুক্তি আমাকে ব্যবহার না করে ফেলে। যেটা বর্তমানে ঘটছে। এখন মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে বুদ্ধিমান স্মার্ট প্রমাণ করতে গিয়ে নিজের অজান্তেই সমাজের কাছে আনস্মার্ট হয়ে পড়ছে। যেটা হওয়াটা একেবারেই উচিত নয়।”
