শুরু থেকেই এক ভয়ংকর চরিত্রে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা মেঘের দিদি ময়ূরীকে। শুরু থেকেই নিজের বোনের সুখ সহ্য করতে পারেনা ময়ূরী। মেঘ যে জিনিসগুলো পছন্দ করে সেই সব কিছুকে তার থেকে কেড়ে নিতে চায় সে। এই ভাবেই দুই বোন এবং নায়কের ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল।
ময়ূরী বিভিন্ন রকম ভাবে তার বোন মেঘের ক্ষতি করেছে। নিজের বোনের সংসার নিজের হাতে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। নিজের বোনের স্বামীর সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে এবং পরবর্তীতে তাকে ফাঁসানোর অবধি চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত মিথ্যা সমস্ত অনাচার সকলের সামনে বেরিয়ে পড়েছে। কেবলমাত্র বাবার জন্য বেঁচে রয়েছে সে এতদিনে তার জায়গা হতো জেল হাজতে।
কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে যায় ধারাবাহিকের নায়ক নায়িকার। দুজনেই বেশ কিছু মাস একে অপরের থেকে আলাদা থাকে। কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসাটা কখনোই মরে যায়নি সেটা বুঝতে পেরেছিল তাদের দুই পরিবারের লোকজন। তাই নায়ক নায়িকাকে না জানিয়েই তারা দুজনের বিয়ের ব্যবস্থা করে। মেঘ নীল কেউই জানতে পারেনা তাদের একে অপরের সাথে বিয়ে হচ্ছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের পর্ব। বিয়েতে যাতে কোনরূপ- অঘটন ঘটাতে না পারে ময়ূরী সেজন্য তাকে গয়না আনার অছিলায় সেখান থেকে সরিয়ে দিয়েছে মধুমিতা। সেই ফাঁকে ময়ূরী রূপের থেকে মেঘকে গুলি করার জন্য বন্দুক নিয়ে নেয়। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দেখে মন ভেঙ্গে গিয়েছে দর্শক মহলের।
এই প্রোমোতে দেখা যায়, সাত পাকে ঘুরছে মেঘ আর নীল। মেঘ মনে মনে বলছে, “তোমরা আমাকে না জানিয়ে এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি।” মন থেকে ভীষণ খুশি হয়েছে সে। অন্যদিকে নীল সাত পাকে বাঁধা পড়তে পড়তে বলছে, অসম্মান করা তো দূর, সে আর কখনো কোনো রকম ভাবে কোন কষ্ট পেতে দেবে না মেঘকে। ঠিক তখনই সেখানে চলে আসে ময়ূরী আর নিজের মায়ের সামনেই মেঘকে লক্ষ্য করে গুলি করে। এমন কান্ড দেখে চিৎকার করে ওঠে মধুমিতা। আর এদিকে বিয়ের আসরে নীলের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেঘ। মেঘের এমন করুন অবস্থা দেখে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে ময়ূরীর মুখে। তবে কি এই ভাবেই শেষ হবে গল্প?
