সাম্প্রতিক সময়ে টলিউডে অনেকেরই বিয়ে হয়েছে। বিশেষ করে এই শীতের মরশুম পড়তে না পড়তেই একের পর এক তারকা জুটি নিজেদের বিয়ে সেরেছেন। সন্দীপ্তা-সৌম্য থেকে শুরু করে শ্রীপর্ণা-শুভদীপ বা স্বর্ণদীপ্ত-অর্পিতা। এরই মাঝে আবার বিয়ে করে টলি পাড়ায় ঝড় তুলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যরা শুভেচ্ছা বার্তায় ভাসলেও কটাক্ষ জুটেছে তার কপালে।
এরই মধ্যে সবথেকে আলোড়িত বিয়ে সেরেছেন অভিনেতা-অভিনেত্রী জুটি সৌরভ দাস-দর্শনা বণিক। বিয়ে করে রীতিমতো টলিউড কাঁপিয়ে ছেড়েছেন তারা। সকলেই বলছেন দেখনদারি বিশাল। আবার অনেকে বলছেন বলিউড থেকে অনুপ্রেরণা নিয়ে বিয়ে করেছেন তারা। অর্থাৎ বলিউডি তারকাদের যেরকম বিয়ে হয় সেই রকম ভাবেই অনেকটা নিজেদের বিয়ে আয়োজন করেছেন এই দুজন।
একটা সময় সৌরভ দাস-অনিন্দিতা বসুর লিভ ইন সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। একসঙ্গে সংসারও পেতেছিলেন দুজনে। কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ভেঙে যায় সেই গদগদ প্রেমের সম্পর্ক। তবে অনিন্দিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সৌরভ দাসের প্রেম জীবন নিয়ে আর তেমন চর্চা হয়নি। বলা যায় নিজের প্রেম জীবনকে আড়ালে রেখেছিলেন তিনি।
তবে টলিউডে কান পাতলে দর্শনার সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন শোনা যেত। সেই গুঞ্জনকে সত্যি করেই গত ১৫ই ডিসেম্বর মহা ধুমধামে বিয়ে সেরেছেন সৌরভ-দর্শনা। গতকাল ছিল গৃহপ্রবেশ। সেখানেও নতুনত্ব রেখেছিলেন এই জুটি।
বাড়িতে আসার জন্য কোন অন্য গাড়ি নয়। একেবারে বেছে নিয়েছিলেন হুড খোলা ভিন্টেজ রোল্স রয়েস। আর তাতে চেপে বরের কাঁধে মাথা রেখে কার্যত শুয়ে শুয়ে শ্বশুরবাড়িতে এলেন দর্শনা। আর এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ‘নাটকের শেষ নেই’, ‘এমন ঘটা করে বিয়ে কতদিন টেকে সেটাই দেখার।’
