‘বামাখ্যাপা’ দিয়ে পথ চলা শুরু। কাছের মানুষ ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের পর সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রীর বন্ধু- প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মাঝে কয়েকদিনের বিরতি নিয়েছিলেন কাজ থেকেও। এরপর সাধক রামপ্রসাদ রূপে ছোটপর্দায় ফেরেন অভিনেতা।
মেগার পাশাপাশি ওটিটি জগতেও পসার জমিয়েছেন অভিনেতা। এর আগে সব্যসাচী চৌধুরীকে ‘ভাগাড়’ ওয়েব সিরিজে দেখেছেন দর্শকেরা। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচীর সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী পায়েল দে। ‘মা কালী’র চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে।
পায়েলের সঙ্গে ‘রামপ্রসাদ’-এর চরিত্রে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে। পায়েলও একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘ইন্দু’ এবং ‘গোরা’ সিরিজে পায়েলের কাজ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এপ্রিলে শেষ হয়েছে ধারাবাহিকের সম্প্রচার।
জুটি বাঁধছেন পায়েল-সব্যসাচী
স্টুডিয়োপাড়া সূত্রে খবর, আরও একবার পায়েল-সব্যসাচী জুটিকে পর্দায় দেখাতে পাবে দর্শক। তবে এবার আর ধারাবাহিকে নয়। শোনা যাচ্ছে, দুই অভিনেতা এবার জুটি বাঁধছেন ওয়েব সিরিজে। যদিও বর্তমানে ধারাবাহিকের পর ‘ন্যাড়া ছাদের গপ্পো’ ইউটিউব চ্যানেলে গল্প পাঠ করেছেন পায়েল। এই কাজে পায়েলের অন্যতম সঙ্গী সব্যসাচী। মেগা, সিরিজের বাইরে স্বাধীনভাবে নিজেদের কাজ শুরু করলেন সব্যসাচী ও পায়েল।
তবে সূত্রের খবর, ইতিমধ্যে শেষ হয়েছে পায়েল-সব্যসাচীর ওয়েব সিরিজের শুটিং। স্বাধীন কাজ হওয়ায় অনেক কষ্ট করে হলেও দারুণ ভাবে সম্পূর্ণ হয়েছে সবকিছু। তবে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এই ধারাবাহিক? তা এখনও জানা যায়নি।
