জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা শুরুর পর থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি টিআরপি তালিকায় নিজের জায়গা পাকা করে ফেলেছে। এর মূল কারণ পারুল চরিত্রটি। তার লড়াই, বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দর্শকদের কাছে একেবারে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাই প্রায় প্রতিটি বাড়িতেই এখন পরিণীতা দেখার আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।
গত পর্বে শুরু হয়েছিল বড়সড় উত্তেজনা। টগর আর মল্লারকে একসঙ্গে দেখে চমকে ওঠে বসু বাড়ির সকলে। মল্লারের মা একেবারেই মেনে নিতে চান না টগরকে। এমনকি ঝাঁটা হাতে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু টগর চুপ করে থাকার মেয়ে নয়। রাস্তায় নেমে সবার সামনে বাড়ির লোকজনের দোষারোপ করতে শুরু করে সে। সাধারণ মানুষ টগরের কথা বিশ্বাসও করে, আর সেই সুযোগে বসু পরিবারকে দোষারোপ করতে থাকে।
এদিকে নিজের বোনের পক্ষ নিয়ে সবার সামনে দাঁড়ায় পারুল। তার যুক্তির জোরে কাউকেই টেক্কা দেওয়া যায় না। শেষমেশ ঠাম্মি বাধ্য হয়ে টগরকে ঘরে তোলে। কিন্তু মল্লারের মা স্পষ্ট জানিয়ে দেন, এটা শুধু সমাজের চোখ রাঙানি এড়ানোর জন্য করা হয়েছে। টগরকে তিনি কোনওভাবেই মেনে নেবেন না। টগরও হুমকি দেয়, যদি তাকে কষ্ট দেওয়া হয় তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফাঁস করে দেবে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন টগর মল্লারকে চাপ দিতে থাকে ফুলশয্যার জন্য।
অন্যদিকে রায়ানের মা এবার নতুন খেলা শুরু করে। তিনি চান টগরকে দিয়ে পারুলকে কাবু করতে। টগরের সঙ্গে সম্পর্ক ভালো নয় জানলেও তিনি কৌশলে কাছে টানতে শুরু করেন। টগরও তাতে রাজি, কারণ তার নিজেরও ইচ্ছে পারুলকে সরিয়ে দিয়ে নিজের আধিপত্য কায়েম করার। ফলে দু’জনের ফন্দিফিকিরে গল্পে জমে ওঠে নতুন রং। পরিবারের মধ্যে বিয়ের আয়োজনের মধ্যেই বাড়ছে দ্বন্দ্ব আর সন্দেহ।
আরও পড়ুনঃ ষড়যন্ত্রে রোহিতকে অপহরণ, শিনার খোলা চ্যালেঞ্জ ফুলকিকে! টানটান উত্তেজনায় ভরপুর ফুলকির আজকের পর্ব
এইসব পারিবারিক নাটকের মাঝেই শুরু হয়েছে ইউনিভার্সিটির স্কলারশিপ প্রতিযোগিতা। এবার মুখোমুখি লড়াই পারুল আর রায়ানের। রায়ান স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ব্রাইট মাইন্ডস প্রতিযোগিতায় পারুল জিতলেও স্কলারশিপের আসল চ্যাম্পিয়ন হবে সে-ই। পারুল কি পারবে রায়ানকে হারিয়ে নিজের জায়গা প্রমাণ করতে? নাকি নতুন চক্রান্তের জালে আটকে পড়বে? উত্তর মিলবে আগামী পর্বে।
