জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ এখনো টিআরপি তালিকার শীর্ষে। প্রতিদিনই দর্শকরা পাচ্ছেন টানটান উত্তেজনায় ভরা একের পর এক চমক। গতকালের এপিসোডেই দেখা গেল ভোটের লড়াইতে বাজিমাত করেছে ফুলকি। প্রথম রাউন্ডে ইন্দ্র এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফুলকি নিজের জেদ আর শক্তিতে জয় ছিনিয়ে নেয়। রাজমহলে শুরু হয় আনন্দ উৎসব। বড় রাণীর আয়োজন, খাওয়া-দাওয়া, হইচই—সবই চলে ফুলকির এই জয়ের আনন্দে। তবে ছোট রাজকুমার কিন্তু এই খুশির দিনেও সবার থেকে আলাদা, কারণ সে এখনো মনে করে তারা সবাই তার শত্রু।
কিন্তু এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ভোটের বিপদ কেটে যেতেই নতুন ঝড় এসে হাজির। কোমা থেকে ফিরে এসেছে শিনা নামের এক পুরনো বক্সার। সাত বছর আগে এক দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিল সে। অবাক করার মতো ব্যাপার, এতদিন পর ফের জেগে উঠে আবার বক্সিং জগতে নাম লিখিয়েছে শিনা। শুধু তাই নয়, তার আসল উদ্দেশ্য রোহিতকে ফিরে পাওয়া। রোহিত যখন খবরের কাগজে এই সংবাদ পড়ে, প্রথমে বিশ্বাসই করতে পারেনি। পরে ফুলকিকে সব খুলে বললে ফুলকি ভীষণ রেগে যায়।
রোহিত জানায়, যখন শিনা তার জীবনে এসেছিল তখন সে আসলে শালিনীর সাথে সম্পর্কে ছিল। তবুও শিনা রোহিতকে পেতে চাইত, এমনকি প্রেমের প্রস্তাবও দিয়েছিল। দুর্ঘটনার পর সে অচেতন হয়ে পড়ে। কিন্তু এত বছর পর হঠাৎ ফিরে এসে আবারো রোহিতকে নিজের করতে মরিয়া হয়ে উঠেছে শিনা। এই কথাগুলো শুনে ফুলকির রাগ আর অভিমান চরমে পৌঁছায়। রোহিতের উপর রাগ দেখিয়ে সে বাড়ি থেকে বেরিয়েও যায়।
এদিকে শিনা থেমে নেই। সাত বছর কোমায় থেকেও সে রোহিতের জীবনের সব খোঁজখবর রেখেছে। এমনকি রোহিতের পরিবার, স্ত্রী, আত্মীয়-স্বজন—সবকিছুর খবর আছে তার কাছে। এরপর হঠাৎ একদিন সে হাজির হয় রাজমহলে, হাতে নিয়ে আসে ডিভোর্স পেপার। তার দাবি, ফুলকি আর রোহিত যদি মিউচুয়াল ডিভোর্স করে, তবে সে রোহিতকে বিয়ে করবে। এই অদ্ভুত দাবিতে হতবাক ফুলকি। মুহূর্তের মধ্যেই সে তেড়ে আসে শিনার দিকে।
আরও পড়ুনঃ সাদা টি শার্ট, মুখে এক গাল হাসি, কেক কেটে জন্মদিন উৎযাপন করলেন জিতু কামাল! জানেন কত বছর বয়সে পা দিলেন আপনাদের প্রিয় আর্য?
আগামী পর্বে আরও বড় ঝড় আসছে। ফুলকি ঠিক করেছে, রোহিতের উপর থেকে শিনার নজর সরাতে কিছু একটা করতেই হবে। তাই সে একেবারে ভিন্ন রাস্তায় হাঁটার পরিকল্পনা করছে। প্রোমোতে দেখা গেছে ফুলকি রোহিতের সামনে লঙ্কা পোড়া দেয়, যাতে শিনা তার কাছে আসতে না পারে। এখন প্রশ্ন, ফুলকি কি পারবে রোহিতকে শিনার হাত থেকে বাঁচাতে? নাকি এই নতুন বিপদই বদলে দেবে ফুলকি আর রোহিতের সম্পর্কের সমীকরণ? সব উত্তর মিলবে আসন্ন এপিসোডে।
