জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন জমজমাট টানটান উত্তেজনায় ভরপুর! প্রতিদিনই নতুন মোড়, নতুন চমকে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে এই সিরিয়াল। সাম্প্রতিক পর্বগুলো তো যেন একেবারে সিনেমাটিক! ফুলকির তীক্ষ্ণ বুদ্ধির কাছে শেষমেশ হার মানতেই হল শত্রুকে। প্রীতম কুমার অবশেষে স্বীকার করল, সেই গিয়েছিল ব্যবসায়ীকে খুন করতে। পুলিশের কাছে সব ফাঁস করে দিল সে। আর তাতেই ফুলকির নির্দোষ প্রমাণ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
এই খবরটা পৌঁছে যায় অভিরূপ ওরফে ছদ্মবেশী রুদ্রের কানে। সে তো অবাক—ফুলকি এতবার বিপদে পড়েও কীভাবে বারবার বেঁচে যাচ্ছে! পরদিন রাজবাড়িতে ধুমধাম করে নৃসিংহ দেবের পুজোর আয়োজন করেন বড় রাজা ও বড় রানি। ফুলকির হাতে পড়ে আরতির থালা, আর বড় রানি তাকে প্রতিজ্ঞা করতে বলেন—আর যেন এমন বিপদের মধ্যে না জড়ায় সে।
কিন্তু ফুলকি কি আর অন্যায় দেখলে চুপ থাকতে পারে? তার মন থেকে যাচ্ছে একটাই প্রশ্ন—কে এমন শত্রুতা করছে তার সঙ্গে? কে ওঁত পেতে আছে তার বিরুদ্ধে? আর ঠিক তখনই আবির্ভাব ঘটে ছদ্মবেশী রুদ্রের।
এদিকে, রাজবাড়িতে উৎসবের পরিবেশ। সবাই ঠিক করে খাওয়াদাওয়া, গানবাজনা, মজা করে দিন কাটাবে। এমন সময় ফোন আসে বিরোধী দলনেত্রী সুনন্দার। তিনি জানান, তিনি চান ফুলকি হোক রাজমহলের প্রার্থী। তবে প্রথমে বলেন, নিজে আসতে পারবেন না—টার্গেট করা হচ্ছে তাকে, তাই ভিডিও কলে থাকবেন। কিন্তু একটু পরেই মত বদলে ফেলেন সুনন্দা। এবার জানান, তিনিই রাজবাড়িতে আসবেন— চুপিচুপি। কারও যেন না জানা যায়!
পরদিন সুনন্দার ম্যানেজার ফোন করে ফুলকিকে জানায়, নেত্রী আসছেন, এবং তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ফুলকিকে। ফুলকি কথা দেয়—কিছুতেই সুনন্দার কোনও ক্ষতি হতে দেবে না সে।
আরও পড়ুনঃ পিছিয়ে পড়লো ফুলকি! সিংহাসনে রানী ভাবানি! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
এই খবর রোহিত আর লাবণ্যকে জানাতে গিয়েই বাধে বিপত্তি। আড়াল থেকে সব শুনে ফেলে রুদ্র! এবার সে ফুলকির ভাবমূর্তি নষ্ট করতে আর এক চাল চালল—সুনন্দার জন্য তৈরি পায়েসে মেশানো হল বিষ! কিন্তু শত্রু যতই চতুর হোক, ফুলকি তো ফুলকি! তার চোখ এড়ায় না কিছুই। ঠিক সময়ে ধরে ফেলে পায়েসে বিষ মেশানো হয়েছে! এবার প্রশ্ন—কে করছে এইসব? রুদ্রের মুখোশ কি এবার খুলে যাবে? কী হতে চলেছে পরবর্তী পর্বে? দর্শকরা এখন প্রহর গুনছেন আরও এক চমকপ্রদ মোড়ের!|
