Bangla Serial

ফুলকির জন্মরহস্যের পর্দা ফাঁস! রাজমহলে ফিরল ‘রাজকন্যা’ ফুলকি, শেষমেশ মিলল ন্যায়ের জয়

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ অবশেষে পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। দীর্ঘ অপেক্ষার পর দর্শকরা পেল এক বিশাল চমক—জন্ম রহস্যের জট খুলে অবশেষে রাজবাড়ীতে প্রবেশ করল ‘রাজকন্যা’ ফুলকি। পরিশ্রম ও আত্মত্যাগের পর সফল হল ফুলকি।

দু’বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম সারিতে থেকেছে নিয়মিত। সম্প্রতি গল্পে এসেছে দারুণ মোড়—যেখানে শুরু হয়েছে ফুলকিকে ফাঁসানোর ষড়যন্ত্র এবং সেই সঙ্গে নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই।

গত কয়েকটি পর্বে দেখা গিয়েছে, লাবণ্য ফুলকির পাশে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করছে যে সে কোনও ভুল করেনি। সব করেছে আত্মরক্ষার জন্য ও সকলের মঙ্গলের কথা ভেবেই। তবে ফুলকির মন মানতে চাইছে না কিছুতেই।

এদিকে ছোট রানী ফুলকিকে ফাঁসাতে উঠে পড়ে লেগেছে। সাক্ষীদের মুখ বন্ধ করতে সে তৎপর, উকিলের মাধ্যমে সব প্রস্তুতি সেরে ফেলেছে। এমনকি আদিত্য ও ছোট রাজাকেও চাপে রাখে যাতে কেউ কিছু না বলে। ছোট রাজা বারবার বোঝাতে থাকেন, নৃসিংহ দেবের পুজোর সময় অন্যায় না করাই উচিত, কিন্তু ছোট রানী কোনও কথা শুনতে রাজি নন। তার চোখে শুধুই প্রতিশোধ।

এরপর রাজমহলে পুলিশের সঙ্গে হাজির হয় রোহিত। পুলিশ চায় ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। কিন্তু ছোট রানীর প্রভাব এতটাই, যে কেউ মুখ খোলে না। রোহিত হতবাক হয়ে যায় ছোট রাজার নিরবতায়।

পরদিন সবাই হাজির হয় আদালতে। ছোট রানী ফুলকিকে ফাঁসানোর জন্য সমস্ত পরিকল্পনা ঠিকঠাক করে এনেছে। ধানু রোহিতকে কথা দেয়, সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ফুলকিকে বাঁচাতে। কোর্টে ফুলকির বিরুদ্ধে আক্রমণ শুরু করে ছোট রানীর উকিল। কিন্তু ধানুও পাল্টা প্রমাণ এবং যুক্তি তুলে ধরে।

এরপর কাঠগড়ায় ডাকা হয় ছোট রানীকে। সে মিথ্যা অভিযোগ আনে—ফুলকি রুদ্রকে ব্যবহার করে রাজমহলের সম্পত্তি দখল করতে চেয়েছে। কিন্তু ফুলকি আদালতের সামনেই প্রশ্ন তোলে—যে রুদ্র এতদিন ছোট রাজার ছদ্মবেশে ছোট রানীর সামনেই ছিল, তাকেই যদি সে চিনতে না পারে, তাহলে তার অভিযোগ কীভাবে সত্যি হয়?

এই সময় আদিত্যকে ডেকে আনা হয় এবং সমস্ত সত্যি তথ্য, প্রমাণসহ তুলে ধরেন ধানু। প্রমাণ পাওয়া যায় যে শ্যামচরণ আসলে বড় রাজা এবং সেই সূত্রেই ফুলকি তারই কন্যা—‘রাজকন্যা’।

সকল চক্রান্তের জাল ছিঁড়ে শেষমেশ ন্যায়ের জয় হল। রাজমহলে ফিরে এল তার প্রকৃত উত্তরাধিকারী—ফুলকি।

আরও পড়ুনঃ পারুলের মনের কথা জেনে গেল রায়ান! পারুল রায়ানকে আলাদা করতে ভয়ঙ্কর রূপে ফিরে এলো তুর্য!

এখন দেখার পালা, রাজবাড়ীর ক্ষমতা ও ভালোবাসা ঘিরে আগামী দিনে কী নতুন মোড় নিচ্ছে ‘ফুলকি’-র কাহিনি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন