এবার বুদ্ধির জোরেও আর শেষ রক্ষা করতে পারল না জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। একটা সাদাসিধে সহজ সরল গল্পকে কিভাবে রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ করতে হয়, সেটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে জি বাংলার নিম ফুলের মধু। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি রয়েছে দ্বিতীয় স্থানে। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা এবং নায়ক চরিত্রে রয়েছেন রুবেল দাস।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা পড়েছে মহা বিপদে। অখিলেশের ছেলে এবং পুত্রবধূ অর্থাৎ অয়ন আর মৌমিতাকে একটা বড় চকলেট হাত থেকে রক্ষা করতে গিয়ে সৃজনের বোন বর্ষাকে হারাতে বসেছে সে। যেচে সবার উপকার করতে আসে বর্ষা কিন্তু সে নিজেও সেই চক্রের কবলে পড়ে যায়। বর্ষাকে এমন একটা বিপদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সৃজনের গায়ে হাত তোলে তার মা কৃষ্ণা। প্রাণপণে সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করে চলেছে পর্ণা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ভীষণ ভেঙ্গে পড়েছে সৃজন কারণ তার মা তার গায়ে কোনদিনও হাত তোলেনি। সে বুঝতে পারে বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতেই হবে। পর্ণা প্রচন্ড অস্থির হয়ে ওঠে আর বারবার পুরনো সিসি টিভির ভিডিও ফুটেজ গুলো দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ তার একটা কথা মাথায় আসে। তারা এতক্ষণ ধরে যে ফুটেজ গুলো দেখছিল সেগুলো সব সিগন্যাল এবং তার চারপাশের এলাকার। এর বাইরে যে সিসিটিভি গুলো আছে তার ফুটেজ দেখলে আরো কিছু ক্লু পাওয়া যেতে পারে বলে মনে হয় পর্ণার।
পর্ণার বুদ্ধির তারিফ করে পুলিশ অফিসার কারণ তাদের মাথাতেও এই কথাটা আসেনি। সিগনাল ছাড়াও তার আশেপাশের ভিডিও ফুটেজ দেখে সেই গাড়িটার খোঁজ পেয়ে যায় পুলিশ যে গাড়িটা করে প্রত্যেকটা ভিখারিকে তুলে নিয়ে গিয়েছে বগা। এক এক করে অয়ন মৌমিতা এবং বাকিদের সেই গাড়িতেই উঠতে দেখে তারা। এরপর তারা সোজা চলে যায় গাড়ির মালিকের কাছে। সৌভাগ্যবশত সেই দিন সেই গাড়ি করেই এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল বগার। আর এখানেই ধরা পড়ে যায় সে। বগাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। তাকে মারধর করে দীননাথের খোঁজ পেয়ে যায় পুলিশ।
এরপর সবাই মিলে চলে যায় দিননাথের ডেরায়। কিন্তু কোনভাবে সেই খবরটা আগেই পেয়ে গিয়েছিল ওস্তাদজি। পর্ণা সৃজন এবং গোটা পুলিশ ফোর্স সেখানে এসে দেখে ঘর পুরো ফাঁকা শুধুমাত্র রয়েছে দিননাথ এর লাশ। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই শুট করা হয়েছে। আর কোন আশার আলো দেখতে না পেয়ে ভেঙে পড়ে পর্ণা। আসল মাথা অবধি পৌঁছানোর জন্য যাকে প্রয়োজন ছিল সেও মৃত তাহলে এবার কি করে দত্ত বাড়ির তিন সদস্যকে রক্ষা করবে পর্ণা?
